
লালমনিরহাট প্রতিনিধি :
মোঃ মাহাবুর রহমান
লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের উদ্যোগে এবং লালমনিরহাট জেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার হলরুমে অনুষ্ঠিত হয়েছে “সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ডিভাইসের অপব্যবহার, ঝুঁকি, প্রতিকার ও সচেতনতা” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার।
এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিআর সারোয়ার, লালমনিরহাটের সিভিল সার্জন মোঃ আবদুল হাকিম এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শায়খুল আরেফিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ দেলওয়ার হোসেন।
সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম। এরপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ মিঠু রানা। তিনি তার প্রবন্ধে ইন্টারনেটের নিরাপদ ব্যবহার, ব্যক্তিগত তথ্য সুরক্ষা, সোশ্যাল মিডিয়ার ঝুঁকি, সাইবার প্রতারণা, অনলাইন হয়রানি, ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহারজনিত মানসিক ক্ষতি এবং এসব থেকে রক্ষা পেতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারের আলোচকবৃন্দ বলেন, বর্তমান যুগ তথ্য-প্রযুক্তিনির্ভর। তাই তরুণ প্রজন্মকে সাইবার জগতের হুমকি সম্পর্কে সচেতন করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে অভিভাবক, শিক্ষার্থী এবং শিক্ষক—সবার সমন্বিত প্রচেষ্টায় নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় রচনা ও পোস্টার অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। সাইবার নিরাপত্তা বিষয়ক রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্রীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা। এছাড়া পোস্টার অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদেরকেও একইভাবে পুরস্কৃত করা হয়।
জানা যায়, বুধবার সকাল ১০ টায় শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ সেমিনার দুপুর দুইটায় সমাপ্ত হয়। অংশগ্রহণকারীরা এমন সচেতনতা সেমিনার নিয়মিত আয়োজনের দাবি জানান এবং সাইবার নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের আরও প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।