
স্টাফ রিপোর্টার, মোঃ মমিনুল ইসলাম।
গাজীপুর মহানগরের কোনাবাড়ী মেট্রো থানাধীন দেউলিয়া বাড়ি এলাকায় চাপড়া মসজিদ সংলগ্ন মানিক ফরাজী সাহেবের ঝুট গোডাউনে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার আনুমানিক ভোর সাড়ে তিনটার দিকে মানিক ফরাজীর এই ঝুট গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় লোকজন প্রথমে আগুন নিভানোর অনেক চেষ্টা করে কিন্তু পানি স্বল্পতা এবং অগ্নিকুণ্ডের ভয়াবহতা দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।
আগুনের সংবাদ পেয়ে কোনাবাড়ি ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন এর নেতৃত্বে ভোররাত ৪:২০ মিনিটে ঘটনাস্থলে আসে। আগুনের ভয়াবহতা দেখে আরও সহায়তার জন্য সারাবো ফায়ার স্টেশনকে আহ্বান জানালে তাদের দুইটি ইউনিট আগুন নির্বাপনের কাজে যুক্ত হয়। ইতোমধ্যে পানির স্বল্পতা দেখা দিলে পানি নিয়ে আরো একটি ইউনিট সারাবো ফায়ার সার্ভিস থেকে যুক্ত হয়! দুইটি ফায়ার স্টেশনের মোট পাঁচটি ইউনিট ১ ঘন্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়।
সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে আনলেও বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। পানি সংকট থাকায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে।
মানিক ফরাজির অরক্ষিত ৪টি গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায় এসব গোডাউনে অগ্নি নির্বাপনের কোনরকম ব্যবস্থা ছিল না।
আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু হয়েছে রিপোর্ট লেখা পর্যন্ত জানা সম্ভব হয়নি।