
এস.এম.শামীম, দিঘলিয়া:
খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার ৯ জুন সরকারি এম এ মজিদ ডিগ্রি কলেজের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিঘোলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ এস এম নাসির উদ্দিন।
বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, সাম্য ও মানবতার দর্শন এবং বাংলা সাহিত্যে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, নতুন প্রজন্মের মাঝে নজরুল চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের শিক্ষকমণ্ডলীর সদস্যরা। এসময় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।