
বিশেষ প্রতিনিধি , গাজীপুরঃ গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বকেয়া পাওনা আদায় এবং পরিচালকের অপসারণের দাবিতে যমুনা ডেনিম গার্মেন্টসের শ্রমিকদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে বেশ কয়েকজন শ্রমিক এবং পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ শনিবার সকাল থেকেই যমুনা ডেনিম গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া নাইট বিল, টিফিন বিল, হাজিরা বোনাস এবং ছুটির টাকার দাবিতে কারখানার সামনে জড়ো হতে থাকেন। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব পাওনা পরিশোধের দাবি জানিয়ে আসলেও কারখানা কর্তৃপক্ষ বারবার মৌখিক আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করছে। কিন্তু শ্রমিকরা দাবি আদায়ের চূড়ান্ত আল্টিমেটাম দিতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়।
শ্রমিকদের দাবিগুলো হচ্ছে, বকেয়া নাইট বিল ও টিফিন বিলের দ্রুত পরিশোধ।
অর্জিত ছুটির টাকা প্রদান।
কারখানার পরিচালক কাজল কান্তির অপসারণ। শ্রমিকদের অভিযোগ, উক্ত কর্মকর্তার অব্যবস্থাপনা ও শ্রমিকবিদ্বেষী আচরণের কারণে সাধারণ কর্মচারীরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন।
প্রত্যক্ষদর্শী ও আন্দোলনরত শ্রমিকরা জানান, শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশ বাধা দেয়। শ্রমিকদের দাবি, পুলিশ কোনো উস্কানি ছাড়াই অতর্কিতভাবে লাঠিচার্জ শুরু করে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে বেশ কয়েকজন শ্রমিক রক্তাক্ত হন ও আহত হন ।
অন্যদিকে, পুলিশ জানিয়েছে শ্রমিকরা উত্তেজিত হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে জানমাল রক্ষার্থে তারা ব্যবস্থা নিতে বাধ্য হন।
শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
থমথমে পরিস্থিতি বিরাজ করায় কারখানার উৎপাদন সাময়িকভাবে বন্ধ রয়েছে। শিল্প পুলিশ জানায়, মালিকপক্ষের সাথে কথা বলে বিষয়টির সুষ্ঠু সমাধানের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কারখানা কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।