
মোঃ মাকসুদুর রহমান শেরপুর জেলা প্রতিনিধি
চাকরি দেওয়ার প্রলোভনে ১০ লাখ ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে
শেরপুরের নকলা উপজেলার মোঃ মোজাম্মেল হক বকুলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ একরামুল হক ডালিম অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও ক্ষতিপূরণসহ মোট ৫৫ লাখ টাকা দাবি করেছেন।
অভিযোগে বলা হয়, ২০১৪ সালে এক আত্মীয়কে চাকরি দেওয়ার আশ্বাসে অভিযুক্ত টাকা নিলেও দীর্ঘ ১১ বছরেও চাকরি বা টাকা ফেরত দেননি। একাধিক শালিস বৈঠকে প্রতিশ্রুতি দিয়েও তিনি টাকা পরিশোধে ব্যর্থ হন। বর্তমানে অভিযুক্ত শেরপুর কসবা টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজে লাইব্রেরিয়ান হিসেবে কর্মরত।
ভুক্তভোগীর অভিযোগ, টাকা চাইলে তাকে ও তার স্বজনদের বিরুদ্ধে মিথ্যা মামলার হুমকি দেওয়া হচ্ছে। একই সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে চাকরির নামে প্রতারণা ও জাল সনদ সরবরাহের অভিযোগও রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।