
ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাদিম শরীফ
ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের দুইটি পৃথক শাখায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা দীর্ঘদিনেও অনুষ্ঠিত না হওয়ায় চাকরিপ্রার্থীদের মধ্যে উৎকণ্ঠা ও অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। নির্ধারিত সময় পার হলেও এখন পর্যন্ত নতুন কোনো পরীক্ষার তারিখ ঘোষণা না হওয়ায় দ্রুত সিদ্ধান্তের দাবি জানিয়েছেন আবেদনকারীরা।
জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায় মোট ১৮টি পদে নিয়োগের জন্য প্রায় এক বছর আগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসব পদের মধ্যে অফিস সহায়ক ১৫ জন, নিরাপত্তা প্রহরী ২ জন এবং পরিচ্ছন্নতাকর্মী ১ জন নেওয়ার কথা রয়েছে। তবে বিজ্ঞপ্তি প্রকাশের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পরীক্ষার কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।
অন্যদিকে, স্থানীয় সরকার শাখায় অফিস সহায়ক পদে ২ জন নিয়োগের জন্য পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ পদের লিখিত পরীক্ষা ২০২৪ সালের ৫ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়।
এরপর দীর্ঘ সময় অতিক্রম করলেও নতুন করে পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়নি।
দুই শাখা মিলিয়ে মোট ২০ জন নিয়োগের কথা থাকলেও কোনো পরীক্ষাই অনুষ্ঠিত না হওয়ায় প্রার্থীদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
একাধিক আবেদনকারী জানান, তারা দীর্ঘদিন ধরে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে আসছেন। কিন্তু নির্দিষ্ট সময়সূচি না থাকায় প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। অনেকেই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও দোটানায় রয়েছেন।
এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিষয়টি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।
এদিকে আবেদনকারীরা দ্রুত পরীক্ষার সময়সূচি প্রকাশের দাবি জানিয়ে বলেন, দীর্ঘসূত্রতা কমিয়ে স্বচ্ছ ও সময়োপযোগী নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা হলে প্রার্থীদের আস্থা আরও বৃদ্ধি পাবে।