
ফারুক আহমদ, গাজীপুর প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে জমজমাট নির্বাচনী লড়াইয়ের সমীকরণ স্পষ্ট হতে শুরু করেছে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিনে জেলায় ৫৩ জন প্রার্থীর মধ্যে ১৯ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। হলফনামায় তথ্য গোপন ও বিভিন্ন অসংগতির কারণে এসব আবেদন বাতিল হয়। বর্তমানে জেলায় নির্বাচনী লড়াইয়ে টিকে রইলেন ৩৪ জন বৈধ প্রার্থী।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন এই ঘোষণা প্রদান করেন।
আসনভিত্তিক যাচাই-বাছাইয়ের ফলাফল:
গাজীপুর-১ (কালিয়াকৈর-গাজীপুর সিটির একাংশ):
এই আসনে মোট ৮ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন— আতিকুল ইসলাম (গণফ্রন্ট) এবং এস. এম. শরিকুল ইসলাম (জাতীয় পার্টি)।
* বৈধ প্রার্থী (৬ জন): মো. মজিবুর রহমান (বিএনপি), শাহ্ আলম বকশী (জামায়াতে ইসলামী), মাওলানা জিএম রুহুল আমিন (ইসলামী আন্দোলন), চৌধুরী ইরাদ আহম্মেদ সিদ্দিকী (লেবার পার্টি), তাসলিমা আক্তার (বাসদ-মার্কসবাদী) এবং এমারাত হোসেইন আরিফ (স্বতন্ত্র)।
গাজীপুর-২ (গাজীপুর সদর-টঙ্গী):
সবচেয়ে বেশি ১৮ জন প্রার্থী এখানে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, যার মধ্যে ৮ জনের আবেদনই বাতিল ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়াদের মধ্যে রয়েছেন হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন সরকার, জিত বড়ুয়া এবং জাতীয় পার্টির মোহাম্মদ ইসরাফিল মিয়াসহ আরও কয়েকজন।
* বৈধ প্রার্থী (১০ জন): এম. মনজুরুল করিম রনি (বিএনপি), মুহাম্মদ হোসেন আলী (জামায়াতে ইসলামী), আলী নাছের খান (এনসিপি), হানিফ সরকার (ইসলামী আন্দোলন), মোঃ জিয়াউল কবির (সিপিবি), মাসুদ রেজা (বাসদ-মার্কসবাদী), সরকার তাসলিমা আফরোজ (ইনসানিয়াত বিপ্লব), মোঃ মাহবুব আলম (জাতীয় পার্টি), মোঃ আব্দুল কাউয়ুম (বাসদ) ও আব্বাস ইসলাম খান (এবি পার্টি)।
গাজীপুর-৩ (শ্রীপুর-গাজীপুর সদরের একাংশ):
এখানে ১০ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন— স্বতন্ত্র প্রার্থী মো. ইজাদুর রহমান চৌধুরী, গোলাম শাব্বির আলী এবং ইসলামী ঐক্যজোটের ডা. মাওলানা মুফতি শামীম আহমদ।
* বৈধ প্রার্থী (৭ জন): এস এম রফিকুল ইসলাম (বিএনপি), মো. জাহাঙ্গীর আলম (জামায়াতে ইসলামী), মুহাম্মদ এহসানুল হক (খেলাফত মজলিস), মো. নাজিম উদ্দিন (জাতীয় পার্টি), আলমগীর হোসাইন (ইসলামী আন্দোলন), মোঃ কৌশিক আহামেদ (এবি পার্টি) এবং আশিকুল ইসলাম পিয়াল (বাসদ)।
গাজীপুর-৪ (কাপাসিয়া):
এই আসনে ৯ জনের মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন— স্বতন্ত্র প্রার্থী মো. আবুল হাসেম ও মো. শফিউল্লাহ; আমজনতার দলের জাকির হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজিম উদ্দিন।
* বৈধ প্রার্থী (৫ জন): শাহ রিয়াজুল হান্নান (বিএনপি), সালাহ উদ্দিন আইউবী (জামায়াতে ইসলামী), মানবেন্দ্র দেব (সিপিবি), এনামুল কবীর (জাতীয় পার্টি) ও মনির হোসাইন (এনপিপি)।
গাজীপুর-৫ (কালীগঞ্জ-গাজীপুর সদরের একাংশ):
এখানে ৮ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন— বাংলাদেশ খেলাফত মজলিসের রুহুল আমিন এবং জাতীয় পার্টির ডা. মো. সফিউদ্দিন সরকার।
* বৈধ প্রার্থী (৬ জন): এ কে এম ফজলুল হক মিলন (বিএনপি), মো. খায়রুল হাসান (জামায়াতে ইসলামী), গাজী আতাউর রহমান (ইসলামী আন্দোলন), মো. আল আমিন দেওয়ান (ইসলামিক ফ্রন্ট), কাজল ভূঞা (গণফোরাম) ও মো. আজম খান (জনতার দল)।
রিটার্নিং অফিসার জানিয়েছেন, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।